স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটিকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ নতুন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির ওপর অর্পণ করেছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।
তিনি বলেন, প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। জোটভুক্ত অনেক প্রার্থীও জয় পেয়েছেন। এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কল্যাণের দায়িত্ব বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং জনগণকে ধন্যবাদ জানাবেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, সংবাদকর্মীদের মাধ্যমে দলের বক্তব্য, কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে এবং জনগণ সে অনুযায়ী ভোট দিয়েছে।
তিনি স্পষ্ট করেন, এটি বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং নয়। নির্বাচনী ফলাফল জানার জন্য সেখানে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের অনুরোধে তিনি কথা বলেন। জুমার নামাজের কারণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বলেও জানান।
রমজান উপলক্ষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বাড়ির কাছের মসজিদে ইফতার নিয়ে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে একসঙ্গে ইফতার করার উদ্যোগ নেওয়া উচিত।
নির্বাচনী সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি কম হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে জনগণের অংশগ্রহণ পুরোপুরি প্রত্যাশিত মাত্রায় ফিরে আসেনি বলেও মন্তব্য করেন। ভবিষ্যতে ভোটারদের আরও উৎসাহিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি কোনো অভিযোগ করে থাকেন, তবে তা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর ওপরই বর্তায়। বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের তা প্রমাণ করতে হবে।
তিনি আরও জানান, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিল এবং প্রত্যেকেই জয়ের আশায় নির্বাচন করেছে। ভবিষ্যতে দল আরও ভালো ফলাফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষাংশে তিনি জানান, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।





