ধানের শীষের পক্ষে গণজোয়ার, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় নিশ্চিত হবে: ডা. জাহিদ

সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় নির্বাচনে ধানের শীষের জয় হবে বলে আশাবাদ প্রকাশ

স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি, ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, ধানের শীষের পক্ষে জনগণের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। তিনি বলেন, দেশের সাধারণ ভোটাররা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেবেন বলে তিনি অত্যন্ত আশাবাদী।

এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ বলেন, “এত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সমর্থন দেখে আমরা আশাবাদী। কিছু ষড়যন্ত্রকারী নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাতে পারে, কিন্তু জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না।”

তিনি আরও বলেন, ধানের শীষের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করছে। আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে যে জনজোয়ার তৈরি হয়েছে, সেটি ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডা. জাহিদ অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ পথসভায় উস্কানিমূলক বক্তব্য ও অসংযত আচরণ করছে, যা দেশের রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা। তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত অবস্থান বজায় রাখবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে জনগণের ভোট বিপ্লব। এই নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”