স্টাফ রিপোর্টার, ১৯ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।
তিনি আরও বলেন, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নতকরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট অনুমোদন নিশ্চিত করতে হবে। নতুন জনবল নিয়োগ এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সঠিক পরিকল্পনা দরকার। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।





