স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জে বাস্তবায়নাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এক বছরের মধ্যেই প্রকল্পটির কাজ সম্পূর্ণ শেষ হবে। প্রকল্পটি চালু হলে ঢাকা মহানগরীতে প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।
সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুরে ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি)’ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মূল শোধনাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।”
তিনি জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্প সফলভাবে চালু হলে ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর আমরা আরও একটি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছি, যেখান থেকে অতিরিক্ত ৫০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে। দুটি প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার সারফেস ওয়াটার ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে।”
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। পাশাপাশি শীতলক্ষ্যা নদী-এর দূষণজনিত ঝুঁকি মোকাবিলা এবং ঢাকার দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্প পরিদর্শনকালে মো. রায়হান কবির, মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।





