নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কনসুলেটে তথ্য প্রচেষ্টা মাহফুজ আলম কে হেনস্থার চেষ্টা ছবি : এহসান জুয়েল।

নিউইয়র্ক, ২৫ আগস্ট ২০২৫
সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভেতরে অবস্থান করছেন—এমন সন্দেহে সেখানে বিক্ষোভ শুরু করে।

চোখের সামনে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক নেতাকর্মী কনস্যুলেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল করেন এবং স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়; কনস্যুলেটের প্রধান দরজায় ধাক্কাধাক্কি ও ভাঙচুর হয়।

এসময় কনস্যুলেট প্রাঙ্গণে থাকা মাহফুজ আলমের গাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। তাঁকে বহনকারী গাড়ির ব্যাগডালা পর্যন্ত খুলে তল্লাশি করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক এহসান জুয়েলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে কিছু জিনিসপত্র নামিয়ে নেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় লেখেন, “বাংলাদেশ কনস্যুলেটে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।”

রাষ্ট্রদূত আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশে অবস্থিত সকল কূটনৈতিক মিশন ও তার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তিনি যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন বাংলাদেশ কনস্যুলেটসহ সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়।