পদ-পদবীর জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী সংগঠন গড়ার আহ্বান, ঈদের পর শুরু হবে সাংগঠনিক কার্যক্রম

স্টাফ রিপোর্টার, ১১ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, রাজনৈতিক পদ-পদবীর জন্য নয়, বরং দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন, তাই তিনি দীর্ঘ রাজনৈতিক বক্তব্য দিতে চান না। তবে সবাইকে একসঙ্গে দেখে তার বিশ্বাস হয়েছে যে, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংগঠনটি দাঁড় করানো যায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, “আমরা শুধু সংগঠন করার জন্য বা নামের আগে কোনো পদবী লাগানোর জন্য এই সংগঠন করতে চাই না। এখন আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ কারণে অনেকেই এসে আমাদের সঙ্গে ভিড় করবে এবং যুক্ত হতে চাইবে। এ বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকব।”

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময়ে আধিপত্যবাদী শক্তি দেশের ওপর প্রভাব বিস্তার করেছে, রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশকে খুন-খারাবি ও হত্যার নগরীতে পরিণত করা হয়েছিল। এ সময় মুক্তিযুদ্ধকে ব্যবহার ও বিকৃত করা হয়েছে, যার ফলে পবিত্র মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এমন একটি সংগঠন গড়ে তোলা হবে যাতে দেশের প্রয়োজনে বা কোনো সংকটে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবার আগে দেশের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, “আমাদের বাবারা ও দাদারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। ভবিষ্যতে দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন সবার আগে দেশের পক্ষে দাঁড়াতে পারে—সেই লক্ষ্যেই আমরা দেশব্যাপী এই সংগঠন গড়ে তুলতে চাই।”

ইশরাক হোসেন বলেন, এই সংগঠনকে রাজনৈতিক ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য ব্যবহার করার কোনো ইচ্ছা নেই। বরং দেশ ও জাতিকে রক্ষার উদ্দেশ্যেই এটি গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, সরকার গঠনের পর অল্প সময় হয়েছে এবং বর্তমানে রমজান মাস চলছে। ঈদের পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, মহানগরসহ বিভিন্ন ইউনিটে সম্মেলনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়ে সংগঠন গড়ে তোলা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব অ্যাডভোকেট কেএম কামরুজ্জামান নান্নুসহ সংগঠনের অন্যান্য নেতারা।