স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে আজ সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান ৭ থেকে ৯ জুন রাশিয়া সফর করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতির বিভিন্ন দিকও আলোচনায় গুরুত্ব পাবে। সফরটি বাংলাদেশ ও রাশিয়ার বিদ্যমান সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।





