পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইইউর অঙ্গীকার

জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও কপ-৩১ প্রস্তুতি নিয়ে সচিবালয়ে বৈঠক

স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন কপ-৩১ সম্মেলনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্পখাতে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সাভারের ট্যানারি শিল্পসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি (Effluent Treatment Plant) কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

মন্ত্রী উল্লেখ করেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো তুলনামূলকভাবে কম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এ কারণে জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সহজ শর্তে ও সময়োপযোগী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সবুজ জ্বালানি রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন কার্যক্রমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সহজতর করা, নীতিগত সংস্কার এগিয়ে নেওয়া এবং উদ্ভাবনী জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।