✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার অপব্যবহার না করা ও আইন প্রয়োগে সতর্ক থাকার নির্দেশ সালাহউদ্দিন আহমদের

স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা এবং কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তা কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত হওয়া উচিত নয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগদানকারী কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশেই তাঁদের কার্যক্রমের ওপর নির্ভরশীল।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, চাকরিজীবনে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা পালন করতে হবে।

পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসারের কাজ সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এসব ক্ষেত্রে অনেক সময় মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাই বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।