স্টাফ রিপোর্টার | ২২ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি জানান, বিজিএমইএ নেতারা পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিল্পের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন জরুরি। এ লক্ষ্যেই সরকার শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে এবং ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “এই শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণের সমস্যা এবং আপনাদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে।”
বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





