স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকায় নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “কিছু নেতা মানুষকে বেহেশতে নেওয়ার টিকিট দিতে চাইলেও তা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমরা আমাদের কাজের মাধ্যমেই বেহেশতে যাব।”
তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন এবং বর্তমানে তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান একই কর্মসূচি এগিয়ে নিচ্ছেন।
কৃষকদের কল্যাণে বিএনপির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষি ঋণ মওকুফ ও জমির খাজনা মাফসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমান সরকারও কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং খাল খননের মাধ্যমে কৃষকদের পানি সংকটের টেকসই সমাধান করা হচ্ছে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, “এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি যেন না হয়।”
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।





