স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সুন্দর, নির্মল পরিবেশ নিশ্চিত করার চিন্তা থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
শনিবার বিকেল ৩টায় কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তারা যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই চিন্তা থেকে আজ থেকেই প্রত্যেকে যার যেখানে সম্ভব একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন।”
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃক্ষরোপণ অভিযান সফল হলে আগামী প্রজন্ম বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারবে। তিনি দেশবাসীকে একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান।
নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠন করতে পারলে দেশে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য অনুযায়ী প্রতি বছর অন্তত পাঁচ কোটি এবং আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, “আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আরও বিশুদ্ধ, মুক্ত ও পরিষ্কার করতে পারব।”
সারাদেশের জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, নিজ নিজ জেলাকে সবুজ অভয়ারণ্যে পরিণত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় প্রচেষ্টা আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন নির্মল পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাবে।





