প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বৈঠক, স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সহযোগিতা চাইলেন তারেক রহমান

গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান


স্টাফ রিপোর্টার | ২৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, এতে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সম্পর্কে জানতে পারবে।

এ সময় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত করতে সম্পাদকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।