স্টাফ রিপোর্টার | ২৯ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোনকে হারিয়ে আলোচিত হওয়া তাহসিন আব্দুল্লাহ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
গত ২৭ জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত হাসিতে দুই হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে জানা যায়, সেই হাসির আড়ালে লুকিয়ে রয়েছে এক হৃদয়বিদারক গল্প।
২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। একই স্কুলে পড়লেও দুর্ঘটনার সময় তারা ভিন্ন ভবনে ছিল। বিস্ফোরণের পর বড় বোনকে খুঁজতে ছুটে যায় তাহসিন এবং তার জন্য স্যালাইন ও পানি নিয়ে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত আর তাকে ফিরে পায়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই দুর্ঘটনার পর থেকে তাহসিনের স্বাভাবিক হাসি হারিয়ে যায়। এক হিলিং সেশনে সে লিখেছিল, ‘আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। ও আমার বেস্ট ফ্রেন্ড।’
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির পেছনের এই করুণ গল্প জানতে পেরে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে খোঁজ নেন। জবাবে তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে।
প্রধানমন্ত্রী তাহসিনের স্বপ্নের প্রশংসা করে তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার প্রিয় খেলা ফুটবল। এ সময় প্রধানমন্ত্রী তাকে নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোন সেট উপহার দেন।
সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার গল্প শোনানোর জন্যও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এ সময় প্রধানমন্ত্রী মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।





