প্রবাসী কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম আগামী মাসে, প্রথমে চালু হচ্ছে ডেবিট কার্ড

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসহ পর্যায়ক্রমে ২ লাখ কার্ড বিতরণের লক্ষ্য সরকারের

স্টাফ রিপোর্টার | ১৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: আগামী মাসের মাঝামাঝি থেকে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ।

প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথ, মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং, সরকারি হাসপাতালে বিশেষ সেবা, বেসরকারি হাসপাতালে ছাড়, মৃত্যু হলে বিনামূল্যে মরদেহ দেশে আনার সুবিধা, পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি ও লাইসেন্স সেবায় অগ্রাধিকার পাবেন।

এছাড়া রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ, এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ বিভিন্ন সরকারি ও ব্যাংকিং সুবিধাও দেওয়া হবে।

বৈঠকে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনার নির্দেশনাও দেন।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ড. মাহদী আমিন, সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।