বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা

অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল, সড়ক ও রেল যোগাযোগে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ-জাপানের ঐকমত্য

স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ খাতের উন্নয়নে জাপান আগের মতোই পাশে থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় দেশ একমত হয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সড়ক, রেল, গণপরিবহন ও অবকাঠামো উন্নয়নে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান।”

মন্ত্রী আরও বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের যোগাযোগ অবকাঠামো ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো উন্নয়ন অংশীদারের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের দ্রুত নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জাপানের উন্নত প্রযুক্তি, কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

তিনি বলেন, “পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল, রেল যোগাযোগ, সড়ক পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও জাপান আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত ছিলেন।