স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও উর্বর ক্ষেত্র। অবকাঠামো, পিপিপি, পরিবহন এবং প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ আজ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুর-এর মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগ:
সিঙ্গাপুর, বিনিয়োগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ অর্থনীতি, পিপিপি, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি খাত, বিদেশি বিনিয়োগ, পল্লী উন্নয়ন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন খাত





