বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক খাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়েও ফলপ্রসূ মতবিনিময় করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

উভয় পক্ষের মতে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং কৌশলগত সহযোগিতাকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।