স্টাফ রিপোর্টার | ১১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও কোইকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পায়।
এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।





