বাংলাদেশ সফরে আসার ইচ্ছা চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর

চলতি বছরের শেষ নাগাদ সফরের ইচ্ছার কথা জানালেন বিদায়ী চীনা রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিপিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আইডিপিসিপিসি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করার ক্ষেত্রে তার অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের মেয়াদকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ স্তরে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া শুরু হওয়ার পথে রয়েছে।

ইয়াও ওয়েন বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করতে পারাকে অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন। তিনি এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনের জন্য চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি এবং তার নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন।