স্টাফ রিপোর্টার | ১ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সরকারের এ উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।
বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা কিংবা যেকোনো ছোট ব্যবসায়ী সহজেই যেকোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, এ ব্যবস্থার ফলে কাউকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না। এতে লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।
মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রমাণিত ও সফল হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।





