বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত

গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দুই দিনে শেষ হবে সাক্ষাৎকার, প্রায় ৯শ’ আবেদন জমা

স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা।

আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামীকাল (১৮ এপ্রিল) একই স্থানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি অবদানকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

এর আগে গত ১০, ১১ ও ১২ এপ্রিল—এই তিন দিনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার টাকা। পাশাপাশি ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়েছে।

তিন দিনে প্রায় ১ হাজার ৩শ’টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

উল্লেখ্য, জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন নির্ধারিত রয়েছে।