বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের স্বার্থে রাজনীতি করে: ইঞ্জিনিয়ার ইশরাক

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না। দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিসংবাদিত প্রতীক। তাঁর ত্যাগ ও অবদান বাংলাদেশের কোটি কোটি মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতনের মধ্যেও বিএনপি টানা ১৭ বছর রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর তাঁর সুচিকিৎসা ও বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হয়। সেই আন্দোলনের মাধ্যমে বিএনপি ও গণতন্ত্রকামী জনগণ আরও ঐক্যবদ্ধ হয়। তিনি বলেন, তাঁর জানাজায় মানুষের ঢল প্রমাণ করেছে—তিনি ছিলেন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মৃত্যুর পরও তাঁর প্রভাব অম্লান।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি বাংলাদেশের স্বার্থ, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেনি। দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাই বিএনপির রাজনৈতিক আদর্শ বলে উল্লেখ করেন তিনি।

সীমান্তে হত্যা এবং প্রতিবেশী দেশগুলোর আক্রমণাত্মক মনোভাব বাংলাদেশের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ঢাকা-৬ আসনের প্রার্থী হিসেবে দলের সুনাম রক্ষা করা তাঁর বড় দায়িত্ব উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান সময়ে গ্যাস সংকট, যানজট, দূষণসহ নানা নাগরিক সমস্যায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব সমস্যা সমাধানে জনগণের পাশে থেকেই কাজ করার অঙ্গীকার করেন তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধনী-গরিব, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে—এমন একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তেই বিএনপির রাজনীতি। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢালী মামুনুর রশীদ অপু, ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক টিটু সোহসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।