স্টাফ রিপোর্টার | ০৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে। তবে সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে।
আজ রোববার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিও ধ্বংস করে গেছে। বর্তমানে গ্যাস সংকট রয়েছে, তবে এ সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।
বিরোধীদলের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন এবং সব সংকট এখনই সমাধান চান। সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল। গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল ওই সরকার। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। আমদানির ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির কারণে এমনটি হয়। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ারও চেষ্টা করা হচ্ছে।
সাংবাদিকদের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকরা কথা বলতে বা লিখতে পারতেন না। এখন সাংবাদিকরা যা খুশি তা লিখতে পারছেন। তবে বিরোধীদল যে ভাষায় কথা বলে, তা গণতন্ত্রের ভাষা নয়।
তিনি বলেন, সরকার উন্নয়ন কাজ শুরু করেছে এবং দেশকে এগিয়ে নিতে চায়। ফ্যাসিস্ট সরকারকে সরানোর আন্দোলনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও অংশ নিয়েছিলেন।
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয়। এ সময় ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





