স্টাফ রিপোর্টার, ২১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-১৭ আসনে নির্বাচনী লড়াইয়ে নামার আগে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ওই আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে মহাখালী টি অ্যান্ড টি কলোনী মাঠে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলপূর্ব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ দোয়া চান।
তারেক রহমান বলেন, “দোয়া শুরুর আগে দুই একটা কথা বলতে চাই। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে… আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী।”
তিনি বলেন, রাজনীতি সাধারণ মানুষের জন্য, মানুষের দৈনন্দিন জীবন যাতে ভালো হয় সেটিই তাদের লক্ষ্য। এ জন্য এলাকাবাসীর দোয়া ও আল্লাহর রহমত কামনা করেন তিনি।
দোয়া মাহফিলের প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমরা ইনশাল্লাহ যেকোনো কাজে সফল হতে পারব।”
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার কথা
তারেক রহমান বলেন, সারাদেশে মা-বোনেরা কষ্টে আছেন। আল্লাহ সহায় হলে তাদের জন্য “ফ্যামিলি কার্ড” নামে একটি কার্ড চালুর উদ্যোগ নিতে চান যাতে পরিবারগুলো উপকৃত হয়। একইভাবে কৃষকদের জন্য “কৃষক কার্ড” দেওয়ার কথাও বলেন তিনি।
শিক্ষা, খেলাধুলা ও চিকিৎসা সুবিধার প্রতিশ্রুতি
কড়াইল বস্তির শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং সমান সুযোগ নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দালানে থাকা সন্তানের মতো কড়াইল বস্তির সন্তানদেরও যেন একই সুযোগ-সুবিধা থাকে, সেটি নিশ্চিত করতে চান।
তিনি আরও বলেন, শিশুদের জন্য দুটি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা করবেন এবং চিকিৎসা সুবিধা চালুর কথাও জানান।
কড়াইলে উঁচু ভবন করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা
তারেক রহমান বলেন, কড়াইলের মানুষদের কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চান। তিনি বলেন, এখানে উঁচু বড় বড় বিল্ডিং নির্মাণ করে বহু বছর ধরে বসবাসকারীদের নাম রেজিস্ট্রি করে প্রত্যেকের নামে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তার ভাষ্য, “সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপরে।”
“আমি আপনাদের এলাকার সন্তান”
তারেক রহমান বলেন, তিনি এই এলাকার সন্তান এবং সারাজীবন কড়াইলবাসীর পাশে থাকবেন। তিনি বলেন, “ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান
দোয়া মাহফিলে তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি চেয়ারম্যানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালাম। উপস্থিত ছিলেন অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, আমিনুল হকসহ দলের অন্যান্য নেতারা।
এদিকে রাতে বনানীর চেয়ারম্যান বাড়িতে খালেদা জিয়ার স্মরণে আরেকটি দোয়া মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এছাড়া আগামী বৃহস্পতিবার সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন তিনি।





