স্টাফ রিপোর্টার | ৮ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের ৮ম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩১ মার্চ ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ বিষয়ে মতামত ও নির্দেশনা প্রদান করে। গত ২১ মে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত মূল বেতনের ওপর কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। ফলে চাকরির পুরো মেয়াদে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে।
তবে বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারবেন। প্রচলিত সরকারি বিধান অনুযায়ী বাসাভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য অনুমোদিত ভাতা প্রযোজ্য হলে তা প্রদান করা হবে।
অন্যদিকে, এসব পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) কিংবা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না। অর্থ বিভাগ জানিয়েছে, তারা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন এবং বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অবসর-পরবর্তী এসব সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত বেতন কাঠামো কেবল সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী প্রেষণ, সংযুক্তি বা অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থায় এসব পদে দায়িত্ব পালন করলে তাদের ক্ষেত্রে এই বেতন কাঠামো কার্যকর হবে না।
সংশ্লিষ্টদের মতে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরে কর্মরত ব্যক্তিগত স্টাফদের বেতন ও আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করতে নতুন এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের নিয়োগে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও সুস্পষ্ট হবে।





