মরক্কোতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরক্কোর স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য মরক্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে দুই দেশের উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও মরক্কোর বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও সুদৃঢ় হচ্ছে।

তিনি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তার নামে দেশটির রাজধানী রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কোর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি এবং এ ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মরক্কোর সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

জবাবে নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।