মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গতদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় নানা কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার | ১৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’—এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্যও সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মধ্যে নতুন ঘর হস্তান্তর করা হয়। প্রতিটি পরিবারের জন্য একটি করে খাট ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উপহার দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশন করা যায়।

তিনি বলেন, নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা। এসব দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।