মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে সরকার: মির্জা ফখরুল

অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ ও জনসেবার মানোন্নয়নে একাধিক প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন

স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সফরের অংশ হিসেবে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, “বিগত সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই দেশজুড়ে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

সফরের শুরুতে মন্ত্রী গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের ২ হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজেরও উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। সেখানে সেতুর বর্তমান অবস্থা পর্যালোচনা করে নতুন একটি সেতু নির্মাণের ঘোষণা দেন।

মন্ত্রী পরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে।

প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফর সম্পর্কে তিনি বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।