স্টাফ রিপোর্টার, ১৪ নভেম্বর ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কয়েক ঘণ্টা ধরে চলা বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা কিংবা মাইক্রোসফটের বৈশ্বিক পরিষেবা বিপর্যয়ের সম্পর্ক নেই বলে নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশটির আকাশসীমায় আবারও বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) আকাশসীমায় বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে এর অর্থ এই নয় যে, সঙ্গে সঙ্গেই সব ফ্লাইট চলাচল শুরু করবে।
বিমান চলাচলে এই বিপর্যয়ের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিল পরিবহন বিভাগ ও হোয়াইট হাউস।
ডাফি জানান, অতিরিক্ত তথ্যের চাপে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সুইচ ও রাউটারগুলো কার্যক্ষমতা হারিয়ে অচল হয়ে পড়ে। মূলত পুরোনো হার্ডওয়্যারের ত্রুটির কারণেই এ সমস্যা তৈরি হয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় হলো, কংগ্রেস এই ব্যবস্থা আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ করবে কি না।
এ পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমান ভ্রমণ নিরাপদ বলে দাবি করেন পরিবহনমন্ত্রী।
অন্যদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমন্বিত কোনো সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে বিমান চলাচলে বিঘ্নের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
মুলিন বলেন, সাধারণত সাইবার হামলা বা হুমকির ঘটনা ঘটলে হামলাকারীদের কেউ না কেউ এর দায় স্বীকার করে। তবে এ ঘটনায় কোনো সন্দেহজনক যোগাযোগ কিংবা হামলার চিহ্ন পাওয়া যায়নি।
তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
এদিকে, বিমান চলাচল বন্ধের ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পরও প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সংবাদ ব্রিফিংয়ে দুই শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের অবস্থানের পক্ষে বক্তব্য দেন।





