স্টাফ রিপোর্টার | ১৪ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যায়ক্রমিক পরিচালন পরিকল্পনার আওতায় আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি বিষয়ক এক সভায় বক্তব্যকালে তিনি এ তথ্য জানান। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রী বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট নিয়ে কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনেরা প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং টার্মিনালটি চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চিহ্নিত করেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনালটি কার্যকর করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
তিনি আরও বলেন, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার ধারাবাহিক প্রচেষ্টায় টার্মিনালটি এখন কার্যক্রম শুরুর পর্যায়ে পৌঁছেছে। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অংশীজনদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সভায় ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।





