রমজানের মধ্যেই শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম: সমাজকল্যাণ মন্ত্রী

নারী প্রধান পরিবারের হাতে যাবে কার্ড, বৈষম্যহীনভাবে সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা

নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ।

তিনি বলেন, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে এ বিষয়ে একটি মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রথম সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কীভাবে দেওয়া হবে এবং এর প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে অনুমোদন নেওয়া হবে। অনুমোদনের পর চূড়ান্ত বাস্তবায়নের দিকে এগোবে সরকার।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি পরিবারের নারী প্রধান সদস্যকে এই কার্ড দেওয়া হবে। এতদিন পরিবারপ্রধান হিসেবে পুরুষদেরই বেশি বিবেচনা করা হয়েছে। তবে এবার নারীদের ক্ষমতায়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া নারীদের সামনে আনা এবং তাদের মর্যাদা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ডা. জাহিদ বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাছাই বা বৈষম্যের সুযোগ রাখা হবে না। ধর্ম, গোত্র বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সারা দেশের পরিবারগুলো সমানভাবে এই সুবিধা পাবে।

তিনি আশা প্রকাশ করেন, রমজানের মধ্যেই পরীক্ষামূলকভাবে বা প্রাথমিক পর্যায়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে পারে। পরবর্তীতে একই কাঠামো অনুসরণ করে সারা দেশে ধাপে ধাপে এটি সম্প্রসারণ করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের মায়েরা সরাসরি উপকৃত হবেন এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে পৌঁছাতে পারবেন।