রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে, স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের শুরুতে: মির্জা ফখরুল

বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন, কৃষি উন্নয়নে বিশেষ বরাদ্দ ও কৃষিঋণের সুদ মওকুফের ঘোষণা তুলে ধরলেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার | ২৭ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

কৃষি খাতের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি সরকার গঠন করেছে। তিনি দাবি করেন, বিএনপি পাঁচবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং বর্তমান সরকার কৃষিবান্ধব ও জনবান্ধব। বিএনপিকে ফ্যাসিবাদী বলা হলে তা জ্ঞানের অভাব বা ভুল মানসিকতার পরিচায়ক বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে তিনি বিআরডিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।