শিগগিরই তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

বাংলাদেশ ও জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ মার্কিন প্রেসিডেন্টের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

স্টাফ রিপোর্টার | ১ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।

বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

একই সঙ্গে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সবসময় মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন।

চিঠির মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ইতিবাচক মনোভাবের বিষয়টিও উঠে এসেছে।