স্টাফ রিপোর্টার | ৩০ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এখন শুধু রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য জন্মের পর থেকেই উদ্ভাবনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এম. এম. জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন চিকিৎসকের হাসিমুখ ও সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। কেবল ওষুধ নয়, ভালো ব্যবহার ও সঠিক পরামর্শও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের আরও মানবিক হয়ে রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
দেশে কিডনি ও ক্যান্সার রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্ত মানুষের কষ্ট অত্যন্ত ভয়াবহ। তাই প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করার বিকল্প নেই।
সরকারের স্বাস্থ্যসেবা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। খুব শিগগিরই দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের পুষ্টির অভাব, মাতৃদুগ্ধ পান না করা এবং সুষম খাদ্যের ঘাটতির কারণে এ ধরনের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এম. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।





