শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ পলাতক আসামিদের ফেরত চায় বাংলাদেশ

সম্পর্ক সহজীকরণের স্বার্থে আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও ভারতে পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কার্যকর সম্পর্ক জোরদারের স্বার্থে বিষয়টি ভারত সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

শেখ হাসিনাকে ফেরানোর পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের ফেরত চাওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে চাইলে ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাওয়া হবে।

পলাতক আসামিদের বক্তব্যে ক্ষোভ

বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে।

তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বাংলাদেশের মানুষের অনুভূতি ও সংবেদনশীলতার বিষয়টি বিবেচনা করে পলাতক আসামিদের হস্তান্তরের উদ্যোগ নেবে।

আওয়ামী শাসনামলের অপরাধের বিচার অগ্রাধিকার

আওয়ামী লীগ সরকারের আমলের সব অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, বিচার নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করা হবে না। অভিযুক্ত যে কেউ আদালতে এসে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। দেশের বিচারব্যবস্থা বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে এবং এতে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী বিনামূল্যে যাওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ১০ হাজার কর্মী বিনামূল্যে যাওয়ার বিষয়টি সঠিক।

‘স্যার’ সম্বোধন বাধ্যতামূলক না করার আহ্বান

সরকারি অফিসে ‘স্যার’ সম্বোধনকে বাধ্যতামূলক না করে নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তা ও সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন ডা. জাহেদ উর রহমান।

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নতুন নীতিমালা

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এর সঙ্গে বহু মানুষের জীবিকা ও যাতায়াত জড়িত। তাই সরকার একবারে অটোরিকশা বন্ধ করতে চায় না।

তবে সুনির্দিষ্ট নিরাপত্তা ও নির্ধারিত রুটের আওতায় অটোরিকশাগুলো আনতে দ্রুত একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।