শ্রমিকরা দীর্ঘদিন বঞ্চিত: মির্জা ফখরুল

ন্যূনতম মজুরি ও জীবনমান উন্নয়নে পদক্ষেপের আহ্বান


স্টাফ রিপোর্টার | ১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার।

শুক্রবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কৃষি, শিল্প, ব্যাংকিং খাত ও অর্থনীতি একসময় ধ্বংসের মুখে পড়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শ্রমিকরাই সবসময় পরিবর্তনের জন্য আত্মত্যাগ করেছে, অথচ তারাই সবচেয়ে বেশি বঞ্চিত। মে দিবসকে তিনি শ্রমিকদের রক্তে রঞ্জিত সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

তিনি ২০২২ সালের ৭ ডিসেম্বরের ঘটনার কথা স্মরণ করে বলেন, ওইদিন সমাবেশে বাধা ও হামলার ঘটনায় এক শ্রমিক নিহত হন। তিনি দাবি করেন, সরকারবিরোধী আন্দোলনে বহু শ্রমিক প্রাণ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, হকারদের পুনর্বাসনের উদ্যোগ ইতিবাচক পদক্ষেপ। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। চা-বাগানের শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথাও তুলে ধরে তাদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সবশেষে তিনি শ্রমিক, কৃষক, ছাত্র ও যুবকদের ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।