ষড়যন্ত্র রুখে দিতে জনগণই যথেষ্ট: শেখ রবিউল আলম

ঢাকা-১০ আসনে নির্বাচনী ষড়যন্ত্র ব্যর্থ হবে, জনগণই শেষ ভরসা বলে মন্তব্য বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী বলেছেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র থাকলেও জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের কারণে এসব অপচেষ্টা সফল হবে না। তিনি বলেন, জনগণ যেখানে সোচ্চার থাকে এবং প্রার্থী জনপ্রিয় হন, সেখানে ষড়যন্ত্র টেকে না।

মঙ্গলবার ২৭ জানুয়ারি ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ষড়যন্ত্র কোনো নির্দিষ্ট আসনকেন্দ্রিক নয়, এটি সারাদেশের নির্বাচনকে লক্ষ্য করেই হচ্ছে। তবে জনগণ সজাগ থাকলে এবং সব শ্রেণি-পেশার মানুষ যদি বিএনপির প্রার্থীর পাশে থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না।

তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ বিকাশসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। অন্য একটি গোষ্ঠী মানুষকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। তার ভাষায়, একটি রাজনৈতিক দল অবৈধ উপায়ে ভোট কিনতে চায়, আরেকটি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী চায় মানুষ ভোটবিমুখ হোক। এই দুই চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ এখন অনেক বেশি দায়িত্বশীল ও সচেতন। তারা অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থী ও দলকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জনগণ যখন বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকে, তখন সব ষড়যন্ত্র স্বাভাবিকভাবেই নস্যাৎ হয়ে যায়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মানুষ যেন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশ করতে পারে, সেটাই তাদের প্রত্যাশা। কেউ যদি ভোট নিয়ে কারচুপি বা ষড়যন্ত্র করতে চায়, জনগণই তা রুখে দেবে।

নিজ এলাকা সম্পর্কে তিনি বলেন, ঢাকা-১০ এলাকার মানুষ তাদের অধিকার নিয়ে সচেতন এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা সক্রিয়ভাবে অংশ নেবে। তিনি স্বীকার করেন, এলাকায় নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে। তবে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ধাপে ধাপে এসব সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন।

চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এসব অভিযোগ মূলত অপপ্রচার। এখন পর্যন্ত কেউ নির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি। তবে কেউ প্রমাণ উপস্থাপন করতে পারলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেষে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপি কিংবা বিএনপির প্রার্থীকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। জনগণ আমাদের সঙ্গে আছে, এই বিশ্বাস নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।