✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

সংবিধান সংশোধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে বিশেষ কমিটি

বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেতৃত্ব, শ্রমজীবী মানুষ ও জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে

স্টাফ রিপোর্টার | ০৪ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার জন্য সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানাবে। সংবিধান বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে মতামত নেওয়া হবে।

আজ রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কমিটির কাছে উপস্থাপন করেন।

বৈঠকে আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান সংশোধন সম্পর্কিত বৈঠকে উত্থাপিত প্রস্তাব এবং লিখিতভাবে কমিটির কাছে পাঠানো প্রস্তাবগুলো কমিটির প্রস্তুত করা প্রতিবেদনে উল্লেখ থাকবে।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সংসদ সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমা বৈঠকে অংশগ্রহণ করেন।

এ ছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।