স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।
রোববার বিসিবি বোর্ড রুমে সকাল থেকে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-২ থেকে প্রার্থী ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট), ড. মাহবুব শামীম (৪১ ভোট) এবং সাকেফ আহমেদ সালাম (৪১ ভোট)।
ক্লাব ক্যাটাগরির ৭৬ জন যোগ্য ভোটারের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যদিকে নির্বাচিত হতে পারেননি বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফায়জুর রহমান মিতু (২৩ ভোট) এবং ইমরোজ আহমেদ (২০ ভোট)। নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পর্ষদে শক্ত অবস্থান নিশ্চিত করেছেন তামিম ইকবাল।





