স্টাফ রিপোর্টার | ১০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে সমাজের অনেক সমস্যা দূর হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘সাংবাদিকতার দায়িত্ব কঠিন’
ড. মঈন খান বলেন, সাংবাদিকতা একটি কঠিন কাজ। রাজনীতিবিদদের কাজও কঠিন উল্লেখ করে তিনি বলেন, মাঝে মাঝে তার মনে হয় সাংবাদিকতার যে দায়িত্ব, তা পালন করা রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন।
সাংবাদিকদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ‘দ্য ফোর্থ এস্টেট’ বলা হয়। অর্থাৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তারা কতটা গুরুত্বপূর্ণ, তা সাংবাদিকদের নিজেদেরই উপলব্ধি করতে হবে।
ডিআরইউয়ের ভূমিকার প্রশংসা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে অনেক সাংবাদিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সম্ভবত ডিআরইউ এমন একটি প্রতিষ্ঠান, যা যতদূর সম্ভব নিজস্ব সীমানার মধ্যে থেকে কাজ করে যাচ্ছে।
এ কারণে ডিআরইউয়ের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
ড. মঈন খান বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে তাদের যে চরিত্র বজায় রেখেছে, তা অব্যাহত রাখলে বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠানটির প্রতি আরও শ্রদ্ধা জানাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনেরা
ডিআরইউয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানসহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।





