সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: তারেক রহমান

মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার ২০ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। দেশের মানুষের জীবনযাত্রা কীভাবে আরও ভালো করা যায়, সেটিই বিএনপির রাজনীতির উদ্দেশ্য।

মঙ্গলবার রাজধানীর কড়াইল এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং দলের একজন সাধারণ কর্মী। আমাদের রাজনীতি কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, আমাদের রাজনীতি আপনাদের মতো সাধারণ মানুষের জন্য।

তিনি বলেন, অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এলাকার যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলো বিএনপির রাজনীতির লক্ষ্য ও দর্শনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

নারীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, সারা দেশে অসংখ্য মা ও বোন নানা কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। আল্লাহ যদি তৌফিক দেন এবং জনগণের সমর্থন থাকে, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের সহায়তার জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষি সংক্রান্ত সুবিধা সহজে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

কড়াইল বস্তিবাসীদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, দালানে থাকা মানুষের সন্তান আর বস্তিতে থাকা মানুষের সন্তানের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। কড়াইল বস্তির শিশুরাও যেন সমানভাবে শিক্ষা, খেলাধুলা ও বিদেশি ভাষা শেখার সুযোগ পায়, সেটিই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়া থাকলে বিএনপি দেশের মানুষের কল্যাণে এসব উদ্যোগ বাস্তবায়নে সক্ষম হবে।