স্টাফ রিপোর্টার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে বাংলাদেশের পক্ষ থেকে এ অঞ্চলের জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাওয়া হয়।
ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় মন্ত্রীদ্বয় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এ সময় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন তারা।
আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ও উঠে আসে। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও প্রশংসা করেন বাংলাদেশের মন্ত্রীদ্বয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।





