স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন, জনাবা বিলকিস জাহান বরিশাল সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সহায়তা তাঁদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।





