সিলেট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত টানা প্রচারণা তারেক রহমানের, পথে পথে জনতার ভিড়

ফজরের আগে শেষ হয় সফর, শীত উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে জানায় অভিনন্দন-অভিবাদন


স্টাফ রিপোর্টার, ২৩ জানুয়ারি ২০২6, নিউজ চ্যানেল বিডি।

গতকাল ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রাজনৈতিক জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই প্রচারণা শেষে ২৩ জানুয়ারি ফজরের আগে নারায়ণগঞ্জে এসে কর্মসূচি শেষ হয়।

এই দীর্ঘ সফরে সরাসরি উপস্থিত ছিলেন আমাদের প্রতিবেদক। প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, সিলেট থেকে শুরু করে হবিগঞ্জ, ভৈরব ও নরসিংদী হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত পুরো রুটজুড়ে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ অভিনন্দন ও অভিবাদন জানান, আর তারেক রহমানও হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।

প্রতিবেদক জানান, মধ্যরাতের তীব্র শীত উপেক্ষা করেও মানুষের আগ্রহ কমেনি। অনেকেই শুধু এক নজর দেখতে ও কথা শুনতেই দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। সফরের প্রতিটি পয়েন্টে নেতাকর্মীদের মধ্যে সরব উপস্থিতি দেখা যায় এবং প্রচারণা ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, এই টানা প্রচারণা ও বক্তব্যের ধারাবাহিকতা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া কীভাবে আসে সেটিও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

এদিকে শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং প্রতিবাদ জানান।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউকে শিরক বা কুফরি আখ্যা দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের বক্তব্য রাজনীতিতে বিভাজন বাড়ায় বলে তিনি মন্তব্য করেন।