স্টাফ রিপোর্টার, ৮ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামে এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর ওই ব্যক্তির স্ত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন এক যুবক।
রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান মিয়ার সঙ্গে প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাসান মিয়ার বাড়ির পাশে একটি এনজিওতে বাবুর্চি হিসেবে কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। প্রতিবেশী হওয়ার সুবাদে দুই পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। এক পর্যায়ে রাজু মিয়া ও জহুরা আক্তারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। পরে গত ৭ মে জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে চলে যান বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
এর প্রায় এক মাস পর, চলতি মাসের ৪ জুন রাজু মিয়ার স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ সাতক্ষীরা থেকে মির্জাপুরে নিয়ে এসে বিয়ে করেন হাসান মিয়া।
হাসান মিয়া সাংবাদিকদের বলেন, “ও আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমি ওর স্ত্রীকে নিয়ে এসেছি।” তিনি দাবি করেন, ঘটনার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, রাজু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে ব্যক্তিগত প্রতিক্রিয়ার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি সামনে আনছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।





