স্টাফ রিপোর্টার, ৯ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালীভাবে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত টিমের বিপক্ষে ডিপ্লোম্যাটিক কোর টিমের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এই বিশেষ ম্যাচে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও কার্যকর করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রীতি ম্যাচটিতে বাংলাদেশে কর্মরত তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, ইতালি, সুইডেন ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়রা, পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





