স্টাফ রিপোর্টার | ২৮ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ড. লরা টম-বন্ড জানান, আইওএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট বাংলাদেশ সফর করবেন। এ উপলক্ষে আগামী ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (Integrated Border Management-IBM)’ কৌশলের জাতীয় বৈধকরণ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আইওএম তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এছাড়া মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্ব এবং আইওএমের কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইওএম নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
উল্লেখ্য, বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. লরা টম-বন্ডের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটিই প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, আইওএমের ন্যাশনাল কনসালটেন্ট (গভর্নমেন্ট) ড. এস এম মোরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





