স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়

স্টাফ রিপোর্টার | ০৪ আগস্ট, ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলস মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর মধ্যে বিদ্যমান সহযোগিতা, অংশীদারিত্ব এবং ভবিষ্যতের অগ্রাধিকারমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মানবপাচার প্রতিরোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনে এ সহযোগিতা আরও সুসংহত হবে।

আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আইওএম বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি মানবপাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার একটি জঘন্য অপরাধ এবং লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেক মানুষ এর শিকার হন। তিনি জানান, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পাচারকারী চক্রের তালিকা সম্পর্কে জানতে চাইলে আইওএম-এর উপমহাপরিচালক জানান, সংস্থাটি পাচারকারী চক্র শনাক্তে সহায়তা করতে সক্ষম। এছাড়া আইওএম ও ইন্টারপোলের কাছে মানবপাচারের প্রবণতা-সংক্রান্ত তথ্য রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হয়।

উল্লেখ্য, ১ থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশে সরকারি সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম-বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।