স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি দেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা নারী এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনা ধারণ করা জরুরি।
তিনি আহ্বান জানান, স্বাধীনতা দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবে এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।





